# নৈরাজ্যবাদী শ্রমিক-সংঘের নীতিমালা

**URL:** <https://discourse.anok.io/t/topic/374>\
**Category:** Red and Black Anarchists\
**Created:** [12 November 2026 18:42 UTC](https://discourse.anok.io/t/topic/374 "2026-11-12T18:42:41Z")\
**Posts on this page:** 1\
**Page:** 1

<div class="post-metadata">

**Author:** ![Anok](https://discourse.anok.io/user_avatar/discourse.anok.io/anok/32/66_2.png) [@Anok](https://discourse.anok.io/u/Anok)\
**Post date:** [12 November 2026 18:42 UTC](https://discourse.anok.io/t/topic/374/1 "2026-11-12T18:42:41Z")

</div>

![নৈরাজ্যবাদী শ্রমিক-সংঘের নীতিমালা](https://redandblackanarchists.com.au/content/images/2026/11/AP_IWA.jpeg)

**আন্তর্জাতিক শ্রমিক সমিতি (IWA)** এর কাঠামো গতানুগতিক ধারার রাজনৈতিক সংগঠনগুলো থেকে পুরোপুরি ভিন্ন। এটি হলো শ্রমিকদের দ্বারা পরিচালিত বিভিন্ন ছোট ছোট দলের একটি দলীয় জোট। সংগঠন গড়ে তোলার এই প্রক্রিয়াটি প্রথম দেখায় অদ্ভুত এবং জটিল মনে হতে পারে—কিন্তু, এর পেছনে শক্তিশালী তাত্ত্বিক ও প্রায়োগিক ভিত্তি রয়েছে।

আলাপটি শুরু করার জন্য ১৮৪০ সালে পিয়েরে-জোসেফ প্রুধোর&nbsp;&nbsp;'_হোয়াট ইজ প্রোপার্টি_?' (সম্পত্তি কী?) নামক পুস্তিকা থেকে নেওয়া একটি উত্তর বেছে নেওয়াটা সবচেয়ে সুবিধাজনক হবে। প্রুধোর সেই বিখ্যাত উত্তরটি ছিল—"_সম্পত্তি হলো চুরি_।"

এই এক লাইনের উত্তরের ভেতরেই লুকিয়ে আছে পুঁজিবাদ এবং সম্পত্তির মালিকানার একটি তীব্র সমালোচনা—যা মূলত শোষণকে টিকিয়ে রাখে এবং এনার্কো-সিন্ডিক্যালিস্ট হিসেবে আমরা যা বিলুপ্ত করতে চাই। এখন এই উত্তরের দ্বিতীয় অংশটি নিয়ে কথা বলা প্রয়োজন—"_অ্যানার্কি বা নৈরাজ্যই হলো শৃঙ্খলা।_"

আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যানার্কিজমের প্রতীকটি (একটি বৃত্তের ভেতর 'A' অক্ষরের চিহ্ন) মূলত একটি 'A' এবং একটি 'O' অক্ষরের সমন্বয়ে গঠিত, যা অ্যানার্কি (Anarchy বা নৈরাজ্য) এবং অর্ডার (Order বা শৃঙ্খলা)-এর একতা বোঝায়। অ্যানার্কিজম বা নৈরাজ্যবাদ অবশ্যই একটি সামাজিক শৃঙ্খলার রূপরেখাকে সামনে নিয়ে আসে—এটিই আজকের আলাপের বিষয়।

অ্যানার্কো-সিন্ডিক্যালিজম এই রূপরেখাকে কেবল ভবিষ্যতের কোনো কাল্পনিক সমাজের অলীক স্বপ্ন হিসেবে দেখে না, বরং আমাদের বর্তমানের সাংগঠনিক চর্চায় একে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করে। রূপরেখাটি ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং সামাজিক; এটি দমন-পীড়ন বিরোধী এবং সর্বোপরি সম্পূর্ণরূপে গণতান্ত্রিক। অ্যানার্কো-সিন্ডিক্যালিজমকে খুব সহজ কথায় বলা যায়—শ্রমিকদের গণতান্ত্রিক, বিকেন্দ্রীভূত এবং পারষ্পরিক সম্মতি ও সংহতির ভিত্তিতে সংগঠন গড়ে তোলার দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি। অ্যানার্কিজম এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক সামাজিক শৃঙ্খলার এই পারস্পরিক সম্পর্কটি যৌক্তিকভাবে তুলে ধরা প্রয়োজন।

অ্যানার্কো-সিন্ডিক্যালিস্ট ইউনিয়নগুলো মূলত গণসংগঠন হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে তৈরি। এর অর্থ হলো, এগুলো কেবল অ্যানার্কিস্টদের জন্য নয়, বরং সব শ্রমিকের জন্য উন্মুক্ত। একটি অ্যানার্কো-সিন্ডিক্যালিস্ট সংগঠনে যোগ দেওয়ার জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে অ্যানার্কিস্ট হতে হবে এমন কোনো কথা নেই। এখানে যা গুরুত্বপূর্ণ তা হলো, আমাদের সংগঠিত হওয়া এবং লড়াই করার পদ্ধতিগুলো যেন অ্যানার্কিস্ট নীতিমালার সাথে সংগতিপূর্ণ হয়।

এই পদ্ধতিতে সংগঠিত হওয়ার পেছনে আমাদের অত্যন্ত জোরালো কারণ রয়েছে: আমরা একটি বিপ্লব ঘটাতে চাই এবং একটি সত্যিকারের ন্যায়পরায়ণ সমাজ গড়ে তুলতে চাই। এটি করার জন্য কেবল পুঁজিবাদ এবং রাষ্ট্রকে ধ্বংস করার কথা বলাই যথেষ্ট নয়; আমাদের এমন সংগঠন তৈরি করতে হবে যা রাষ্ট্রের বিকল্প হিসেবে কাজ করতে পারে।

রাষ্ট্র হলো ক্ষমতার একটি স্তরভিত্তিক আমলাতান্ত্রিক কাঠামো, যা জনগণের ওপর চেপে বসে থাকে এবং জনগণকে অবমূল্যায়ন করে। এর বিপরীতে প্রত্যক্ষ গণতান্ত্রিক চরিত্রের দল গড়ে তোলা এবং সমাজের প্রতিটি দলে এই প্রত্যক্ষ গণতন্ত্রের বিস্তার ঘটানোই হলো মূলত রাষ্ট্রের প্রকৃত বিলোপসাধন।

এটা জোর দিয়ে বলা যায় যে, অ্যানার্কিজম মানে কেবলই এক নেতিবাচক ধারণা নয়—যেখানে শুধু ক্ষমতাকে অস্বীকার করা বা রাষ্ট্রকে ধ্বংস করার কথা বলা হয়। বিপরীতে, আমাদের একটি ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং সেই বাস্তব রূপটিই অ্যানার্কিস্ট ও অ্যানার্কো-সিন্ডিক্যালিস্ট সংগঠনগুলো মাধ্যমে প্রমাণিত হয়।

এই পদ্ধতিতে সংগঠিত হওয়ার দ্বিতীয় কারণটি হলো—আমরা বিশ্বাস করি, প্রত্যক্ষ গণতান্ত্রিক সম্মিলিত উদ্যোগ, সংহতি, সংগ্রাম এবং নিচ থেকে ওপরে ওঠার (প্রত্যক্ষ) সাংগঠনিক পদ্ধতি প্রচারের মাধ্যমে অ্যানার্কো-সিন্ডিক্যালিস্ট শাখাগুলো বর্তমান সময়েও মালিকপক্ষের বিরুদ্ধে বাস্তব বিজয় অর্জনে অনেক বেশি কার্যকর।

পরবর্তী আলাপ শুরু করার জন্য এনার্কো-সিন্ডিক্যালিস্টদের পতাকা একটি চমৎকার মাধ্যম। অ্যানার্কো-সিন্ডিক্যালিজমের পতাকা লাল ও কালো রঙের সমন্বয়ে তৈরী। রঙ দুটি এনার্কো-সিন্ডিক্যালিস্ট মূল্যবোধকে ধারণ করে।&nbsp;&nbsp;

প্রথমত, লাল রঙটি—যা সবাই জানেন—সমাজতন্ত্রের প্রতীক। এটি প্রতিরোধের একটি ঐতিহ্যবাহী রঙ এবং ঊনবিংশ শতাব্দীতে এটি সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত হয়। এটি&nbsp;&nbsp;তিনটি মূল্যবোধকে নির্দেশ করে: স্বাধীনতা, সাম্য, এবং সহানুভূতি বা আরও ভালো শব্দে—সংহতি।

এখন প্রশ্ন আসতে পারে, এই মূল্যবোধগুলোকে ফরাসি পতাকার মতো লাল, সাদা আর নীল রঙে কেন প্রকাশ করা হলো না? তার কারণ, বুর্জোয়া সামাজিক ব্যবস্থায় 'সংহতি' মূল্যবোধটি পুরোপুরি অনুপস্থিত ছিল। উদারতাবাদ স্বাধীনতা ও সাম্যের দাবি করলেও, তারা এটিকে কেবল আনুষ্ঠানিক বা পোশাকি অর্থে দেখে। বাস্তবে এগুলোকে সত্য ও বাস্তব রূপ দিতে 'সংহতি'র প্রয়োজন।

এটিই সমাজতন্ত্রের মূল লক্ষ্য, যা ফরাসি বিপ্লবের অসমাপ্ত কাজগুলো থেকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল। সুতরাং, এখানকার লাল রঙটি ওপরের তিনটি মূল্যবোধের বাস্তব রূপায়নকে নির্দেশ করে। তবে অ্যানার্কিস্টরা কেবল সমাজতন্ত্রই চান না, তারা চান 'লিবের্টেরিয়ান সোশ্যালিজম' বা মুক্তিকামী সমাজতন্ত্র।

পতাকার কালো অংশটি নির্দিষ্টভাবে অ্যানার্কিস্ট মূল্যবোধগুলোকে নির্দেশ করে, যা হলো: প্রত্যক্ষ সংগ্রাম (direct action), মুক্ত দল (free association), এবং পারস্পরিক সহযোগিতা (mutual aid)। নির্দিষ্ট এই অ্যানার্কিস্ট মূল্যবোধগুলো কেবল কোনো কার্যক্রমের ধরণ নয়; এগুলো মূলত সমাজতন্ত্রের ওপরের তিনটি মূল্যবোধেরই রূপান্তরিত এবং কাজের মাধ্যমে প্রকাশিত রূপ।

'প্রত্যক্ষ সংগ্রাম'-এর 'প্রত্যক্ষ' বা 'ডাইরেক্ট' শব্দটির অর্থ কী, তা নিয়ে কিছু বলা প্রয়োজন। এখানে 'প্রত্যক্ষ' মানে হলো মধ্যস্থতাহীন বা নেতাহীন। এটি স্বতঃস্ফূর্ততাকে নির্দেশ করে। এই স্বতঃস্ফূর্ততার অর্থ হলো, নিজের ভেতরের তাড়না বা সক্ষমতা থেকে কোনো কিছুর উৎপত্তি হওয়া। যেমন আমরা যখন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনের কথা বলি, তার মানে হলো সেটি কোনো বাহ্যিক বাধ্যবাধকতা ছাড়াই নিজে নিজে চালিত হতে সক্ষম। স্বতঃস্ফূর্ততার এই ধারণাটি স্বায়ত্তশাসনের সাথে যুক্ত।

স্বাধীনতা শব্দগুলো কিছুটা বিমূর্ত এবং মানুষ প্রায়ই এর ওপর নিজের মতো করে বিভিন্ন ব্যাখ্যা চাপিয়ে দেয়। তাই এবিষয়ে আলাপের সময়&nbsp;&nbsp;স্বাধীনতা (liberty বা freedom) শব্দগুলোর চেয়ে 'স্বায়ত্তশাসন' (autonomy) শব্দটি বেশি প্রাসঙ্গিক। এই শব্দটির ভালো দিকটি হলো, এটি একটি সচেতন পদক্ষেপকে নির্দেশ করে। আবারও বলছি, এটি কোনো চিন্তাভাবনাহীন বা তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ততা নয়, বরং এটি নিজের ভেতরের সিদ্ধান্ত বা আত্মসচেতনতা থেকে আসে।

এই আলাপে স্বায়ত্তশাসন শব্দটি নিয়ে আসার যথেষ্ট কারণ রয়েছে। স্বায়ত্তশাসন একই সাথে ব্যক্তিগত ও সমষ্টিগত হতে পারে—যা আমাদের অ্যানার্কিস্ট এবং অ্যানার্কো-সিন্ডিক্যালিস্ট সাংগঠনিক কাঠামো বোঝার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে আনে। কারণ স্বায়ত্তশাসনের সমষ্টিগত রূপটিই হলো গণতন্ত্র।

যদি কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া একের অধিক মানুষকে প্রভাবিত করে, তবে আমাদের ব্যক্তিগত স্বায়ত্তশাসন কেবল তখনই বজায় থাকবে যখন আমরা সেই সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারব।

এখানে 'অংশগ্রহণ' শব্দটা বেশ তাৎপর্যপূর্ণ।সমষ্টিগত স্বায়ত্তশাসনের জন্য প্রয়োজন বর্তমানের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি আলোচনায় অংশ নেওয়া, এমন নয় যে আপনি কোনো প্রতিনিধি নির্বাচন করে দিলেন আর আপনার অনুপস্থিতিতে তারা সিদ্ধান্ত নেবে। এই কারণে, আমি যে গণতন্ত্রের কথা বলছি তা হলো প্রত্যক্ষ গণতন্ত্র (direct democracy)।

বোঝার সুবিধার্থে আলাপ হওয়া প্রয়োজন যে,&nbsp;&nbsp;মানুষ সাধারণত প্রত্যক্ষ গণতন্ত্র এবং প্রতিনিধিদলীয় গণতন্ত্রের (representative democracy) মধ্যে যে পার্থক্য করতে পারে না।&nbsp;&nbsp;প্রতিনিধিদলীয় গণতন্ত্র আসলে কোনো গণতন্ত্রই নয়। ব্যুৎপত্তিগত অর্থে—গণতন্ত্র হলো এমন এক ব্যবস্থা যেখানে জনগণ—অর্থাৎ 'demos'—সরাসরি ক্ষমতার অধিকারী হয়। 'demokratia' শব্দের 'kratos' অংশের অর্থ ঠিক এটাই: ক্ষমতাকে আঁকড়ে ধরা, আর আঁকড়ে ধরার মানে হলো সেখানে উপস্থিত থাকা। যদি প্রতিনিধিদের একটি ছোট গোষ্ঠী জনগণের অনুপস্থিতিতে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভোগ করে (যাদের তারা প্রতিনিধিত্ব করার কথা), তবে জনগণ আসলে সেই দৃশ্যপটে অনুপস্থিত থাকে এবং এই অবস্থাকে আমরা আর গণতন্ত্র বলতে পারি না।

রাষ্ট্রীয় সংসদে যা ঘটে তা হলো অল্প কয়েকজনের শাসন, যাকে গ্রীকরা বলত অলিগর্কি (oligarchy)। 'oligos' মানে অল্প কয়েকজন এবং 'arkhe' মানে শাসন, যা মূলত এমন এক কাঠামোকে বোঝায় যেখানে শাসকই হলেন আইনের মূল উৎস। অর্থাৎ,&nbsp;&nbsp;যাকে প্রতিনিধিদলীয় গণতন্ত্র বলা হয়, তা আসলে সংখ্যাগরিষ্ঠ জনগণের উপর সংলঘু ব্যাক্তির শাসন, যা গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। অতএব, প্রত্যক্ষ গণতন্ত্রই হলো গণতন্ত্রের প্রকৃত রূপ।

তবে গণতন্ত্র—অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র—খুব সহজ কোনো বিষয় নয়। গণতন্ত্র রাজনীতির একটি রূপ। তাই এর মধ্যে বিতর্ক এবং প্রতিযোগিতা থাকবেই, এবং প্রায়ই এতে আপস বা সমঝোতার প্রয়োজন হয়। এবং স্বাভাবিকভাবেই, আপনি যদি আপনার যুক্তি বা দৃষ্টিভঙ্গি দিয়ে অন্য মানুষকে বোঝাতে না পারেন, তবে আপনি যা চান তা পাবেন না। এটি কারও জন্যই আশ্চর্যের বিষয় নয়। তাই একজন অ্যানার্কিস্ট হিসেবে প্রত্যক্ষ গণতন্ত্রের প্রতি আমার পূর্ণ দায়বদ্ধতা থাকলেও, এটিকে পুরোপুরি বোঝা এবং এর বাস্তবতাকে মেনে নেওয়া জরুরি।

গণতন্ত্রের বাস্তবতাকে মেনে নেওয়ার একটি অংশ হলো এর সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করা। প্রত্যক্ষ গণতান্ত্রিক সংগঠনের সীমাবদ্ধতা মূলত দুই ধরণের। প্রথমটি হলো পরিধি বা বিষয়ের সমস্যা (problem of scope), এবং দ্বিতীয়টি হলো আকারের সমস্যা (problem of size)।

প্রথমত, পরিধির সমস্যা বলতে আমি মূলত সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা এবং একটি নির্দিষ্ট সময়ে একটি গণতান্ত্রিক সভা কতগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সেই সক্ষমতাকে বুঝিয়েছি। দল বা গোষ্ঠীটি যেই হোক না কেন, কোনো সমষ্টিই সব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। আর সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা উপকারী বা দরকারিও নয়।

এখানে সবসময়ই এই বোঝাপড়া তৈরি করা প্রয়োজন যে, কোন বিষয়গুলো সবার জন্য সাধারণ এবং সমষ্টিগত আলোচনার দাবি রাখে, আর কোন বিষয়গুলো ব্যক্তিগত পছন্দের ওপর ছেড়ে দেওয়া উচিত। চূড়ান্ত বিচারে এর অর্থ হলো, ব্যক্তিগত ক্ষেত্র এবং প্রকাশ্য বা সামাজিক ক্ষেত্রের মধ্যকার সীমানাটা কোথায় হবে তা নির্ধারণ করা।

এমনকি তারপরেও, পরিবর্তনশীল পৃথিবীর নিত্যনতুন ঘটনার দ্রুত জবাব দেওয়ার জন্য সবসময় সবাইকে একই সময়ে একই স্থানে জড়ো করা সম্ভব নাও হতে পারে। তাছাড়া, সত্যি কথা বলতে কী, মিটিং বা সভাগুলো প্রায়ই বেশ বোরিং বা বিরক্তিকর হয়। এগুলো গুরুত্বপূর্ণ ঠিকই, তবে আমরা আমাদের পুরো জীবন মিটিং করেই কাটিয়ে দিতে চাই না।

অন্য সমস্যাটি হলো আকার বা সংখ্যার সমস্যা; অর্থাৎ একটি মিটিং বিশৃঙ্খল হয়ে যাওয়ার আগে একই সময়ে একই স্থানে ঠিক কতজন মানুষ সমবেত হতে পারে, তার একটি শারীরিক বা প্রাকৃতিক সীমাবদ্ধতা রয়েছে। অবশ্য এই সমস্যাটি মোকাবিলার জন্য বিভিন্ন সাংগঠনিক ও প্রযুক্তিগত সমাধান রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো কেবল অংশগ্রহণকারীদের সংখ্যাটাই কিছুটা বাড়াতে পারে, মূল সমস্যাটির স্থায়ী সমাধান করতে পারে না। ফলে, সমস্যাটি থেকেই যায়। যদিও, অ্যানার্কিস্টদের কাছে এই সমস্যাগুলোর সমাধান রয়েছে।

গণতন্ত্রের পরিধি ও আকারের এই সমস্যাগুলোর সমাধানে অ্যানার্কিজম দুটি ধারণা নিয়ে আসে: প্রতিনিধি দল গঠন বা অর্পণ এবং দলীয় জোট তৈরি করা।

প্রতিনিধি প্রেরণের অর্থ হলো আপনার দলের কোনো সদস্যের ওপর নির্দিষ্ট কোনো দায়িত্বের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করা। এটি মূলত একটি গ্রুপকে ছোটখাটো সিদ্ধান্ত বা খুঁটিনাটি বিষয়ে অতিরিক্ত সময় ও মনোযোগ নষ্ট করা থেকে রেহাই দেয়। সহজ কথায়, এটি শ্রম বিভাজনের মাধ্যমে কাজের গতি ও কার্যকারিতা বাড়ায়।

আর দলীয় জোটের ধারণাটি সমমনা বা প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন দলের মধ্যে মুক্ত দল গড়ে তোলার মাধ্যমে বৃহত্তর সমন্বয়ের সমস্যার সমাধান করে। তবে এটি এমনভাবে করা হয় যা পারস্পরিক আদান-প্রদানের ভিত্তিতে এই সম্পর্কগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।

যৌথভাবে, এই যুক্ত–সাংগঠনিক কাঠামো এবং পর্যায়ক্রমিক সাংগঠনিক সভাগুলোতে প্রতিনিধি পাঠানোর মাধ্যমে স্থানীয় পর্যায়ের বাইরেও সমন্বয় বজায় রাখা সম্ভব হয়। তবে, ঠিক এই জায়গাতেই আমাদের একটি সমস্যার মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকে।

সংগঠন এবং প্রতিনিধি বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি সে বিষয়ে যদি আমরা খুব সুনির্দিষ্ট না হই, তবে আমরা আবার সেই একই কেন্দ্রীয় ও কর্তৃত্ববাদী কাঠামো তৈরি করে ফেলার ঝুঁকিতে পড়ব, যা এড়ানোর জন্যই অ্যানার্কিজমের জন্ম।

এর ফলে নির্বাচিত কর্মকর্তারা নিজেদের ক্ষমতার আসনে পাকাপোক্ত করে ফেলতে পারেন এবং সাংগঠনিক সভাটি একটি শাসক গোষ্ঠীতে পরিণত হতে পারে। তাই আমাদের আরও দুটি নীতিমালার প্রয়োজন, যা আমাদের মুক্তিকামী (libertarian) মূল্যবোধ থেকে বিচ্যুত না হয়ে কীভাবে প্রতিনিধি ও সংগঠন কাজ করতে পারে তা নির্ধারণ করবে।

আসুন, প্রতিনিধি প্রেরণের ধারণাটি দিয়ে আলাপটি এগিয়ে নিই। ঐতিহাসিকভাবে, অ্যানার্কিস্টরা প্রতিনিধি প্রেরণের এই সমস্যাটি সমাধান করেছেন তিনটি নীতির মাধ্যমে: পর্যায়ক্রমিক পরিবর্তন বা আবর্তন (rotation), সীমিত ম্যান্ডেট বা সুনির্দিষ্ট কার্যপরিধি (limited mandate), এবং তাৎক্ষণিক প্রত্যাহার (immediate recall)।

প্রতিনিধি এবং পদাধিকারীদের পর্যায়ক্রমিক পরিবর্তন বা রোটেশনের অর্থ কেবল কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট দায়িত্বে থাকার সময়কে সীমিত করা নয়—যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সহযোদ্ধাদের ত্যাগকে পুঁজি করে নিজেদের ব্যক্তিগত ক্ষমতার আসন শক্ত করতে না পারে। এটি প্রতিনিধিরা কীভাবে নির্বাচিত হবেন তার সাথেও সম্পর্কিত। যদিও মনোনয়ন চাওয়া বা ভোট দেওয়া সম্ভব এবং কখনো কখনো তা ঘটেও থাকে, তবে সাধারণত এটি এড়িয়ে চলা হয়, বিশেষ করে স্থানীয় স্তরে।

এর পরিবর্তে, আমরা কেবল পর্যায়ক্রমে বা লটারির মতো দায়িত্ব ভাগ করে নিই, যাতে সময়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সবার মধ্যে বণ্টিত হয়। এর আরও একটি অর্থ হলো, যাদের দক্ষতা ও অভিজ্ঞতা আছে, তারা তাদের সহযোদ্ধাদের শেখাবেন যে কী প্রয়োজন এবং কীভাবে কাজটি করতে হবে। এর ফলে অন্য কমরেডদের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি হবে যে তারাও প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে যখন দলীয় জোটের সম্মেলনে নিজ দলের প্রতিনিধিত্ব করার বিষয় আসে।

অভিজ্ঞ সদস্যদের জন্য তাদের জ্ঞান ভাগ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ হোক বা কাল, আপনার সহযোদ্ধারাই কিন্তু আপনার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আমরা এটিকে দলের মধ্যে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির একটি অংশ হিসেবে দেখি এবং এটিও প্রত্যক্ষ সংগ্রামেরই একটি রূপ।

সীমিত ম্যান্ডেট বা সুনির্দিষ্ট কার্যপরিধির (limited mandate) নীতি অনুযায়ী, নির্দিষ্ট দায়িত্বের পরিধি ও সীমা দলের মাধ্যমেই নির্ধারিত ও অনুমোদিত হতে হবে। কখনো কখনো এটি কঠিন হতে পারে, বিশেষ করে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যা আগে দলে আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অবশ্য, অভিজ্ঞতার মাধ্যমে প্রতিনিধিরা তাদের দায়িত্ব পালনের সময় কী ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন তা আগে থেকে অনুমান করা সম্ভব। কিন্তু আবারও বলছি, এই অভিজ্ঞতাটি ম্যান্ডেটের পরিধি কেমন হবে সে বিষয়ে দলের আলোচনাতেই ঠিক করা উচিত। সবসময় যে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিকেই প্রতিনিধি হতে হবে, এমন কোনো কথা নেই।

তাৎক্ষণিক প্রত্যাহার (immediate recall) নীতির অর্থ হলো, প্রতিনিধিরা সবসময় তাদের নিজ নিজ দলের কাছে দায়বদ্ধ থাকবেন। প্রতিনিধি যদি তাঁর ম্যান্ডেট বা সীমার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেন, তবে দলের সেই সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা থাকবে; এমনকি প্রতিনিধি যদি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন না করেন বা দল যদি তাঁর ওপর আস্থা হারায়, তবে তাঁকে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করার ক্ষমতাও দলের থাকবে। অ্যানার্কিস্ট সংগঠনগুলোর ভেতরে প্রতিনিধি প্রেরণের প্রক্রিয়াটি এভাবেই কাজ করে।

কিন্তু আমরা যদি আরও বৃহত্তর পরিসরে একসাথে কাজ করতে না পারি, তবে আমরা একটি মুক্তিকামী সমাজ তৈরি করতে পারব না; আর সেজন্যই আমাদের প্রয়োজন একটি দলীয় জোট।

দলীয় জোট হলো বহুলাংশে অ্যানার্কিস্টদের সর্বোচ্চ সাংগঠনিক স্তর। প্রকৃতপক্ষে, ১৮৬০ ও ১৮৭০-এর দশকে 'ফার্স্ট ইন্টারন্যাশনাল ওয়ার্কিংমেনস অ্যাসোসিয়েশন'-এর সময়ে, যাদের আমরা আজ অ্যানার্কিস্ট হিসেবে জানি, তারা তখন কেবল 'ফেডারেলিস্ট' বা জোট-দলীয় হিসেবে পরিচিত ছিলেন। এর আরও প্রায় ১০ বছর পর তারা অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী হিসেবে পরিচিত হতে শুরু করেন।

দলীয় জোটের মূল ভিত্তি হলো এই ধারণা যে—স্বাধীনতাকে কখনো স্থানীয় সভা থেকে আলাদা করা যায় না। দলে যুক্ত হওয়া যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয়কে সহজতর করলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবসময় স্থানীয় সভার হাতেই থাকে। নিচ থেকে ওপরে সংগঠিত হওয়া (bottom-up organizing) বলতে এটাই বোঝায়।

দলীয় সভার পরিকল্পনায় কোনো উদ্যোগের প্রস্তাব আনা হলেও, সেই প্রস্তাবের উৎপত্তি কিন্তু স্থানীয় পর্যায় থেকেই হয়। এবং পরিকল্পনাটি সবার কাছে পৌঁছানোর পর তা স্থানীয় স্তরে আলোচনা করা হয়; সভায় কোনো ব্যক্তির ভোট নয়, বরং সদস্য শাখাগুলোর সম্মিলিত সিদ্ধান্ত বা ভোট গণনা করা হয়।

এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় দিতে, আঞ্চলিক ও জাতীয় সভার জন্য বিষয় আহ্বান এবং পরিকল্পনা বিতরণের কাজটি এমনভাবে করতে হবে যাতে আলোচনার জন্য এবং প্রতিনিধিরা সভায় যে সম্মতি নিয়ে যাবেন তা প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। এই কারণে, অষ্ট্রেলিয়ার এনার্কো-সিন্ডিক্যালিস্ট ফেডারেশন (ASF)-এর দ্বিবার্ষিক সম্মেলনের পরিকল্পনা সভা শুরু হওয়ার তিন মাস আগেই চূড়ান্ত করা এবং প্রকাশ করা হয়। আর আন্তর্জাতিক শ্রমিক সমিতি (এনার্কিস্ট ও এনার্কো-সিন্ডিক্যালিস্টদের আন্তর্জাতিক দলীয় জোট) যেহেতু আরও বড় সংগঠন, তাই এর সম্মেলন—যা প্রতি তিন বছরে একবার ঘটে—তার পরিকল্পনা ছয় মাস আগেই প্রকাশ করা হয়।

দলীয় সভার সিদ্ধান্তগুলো সদস্য শাখাগুলোর জন্য বাধ্যতামূলক, তবে এটিকে স্থানীয় স্বাধীনতার&nbsp;&nbsp;ধারণার সাথেও ভারসাম্যপূর্ণ হতে হবে। এটি আপাতদৃষ্টিতে একটি বৈপরীত্য মনে হতে পারে।

এর জবাব হলো, দুটি নীতি—স্থানীয় স্বাধীনতা&nbsp;&nbsp;এবং দলীয় প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধতা—এর মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাওয়া জরুরি। সম্মেলনে যেসব সিদ্ধান্তের সাথে সদস্য শাখাগুলো একমত নয়, তারা যদি সক্রিয়ভাবে সেগুলোর বিরোধিতা করতে শুরু করে, তবে দলীয় জোটের জন্য প্রয়োজনীয় সংহতি ও সহযোগিতা ভেঙে পড়ে।

এই কারণে, সদস্য শাখাগুলোকে কার্যবিবরণী পড়তে হবে এবং তা অনুমোদনের আগে তাদের প্রতিনিধিদের কাছ থেকে সম্মতি নিতে হবে। তারা মূলত এটিই নিশ্চিত বা অনুমোদন করে যে, সম্মেলনের কর্মপদ্ধতি সঠিক ও যথাযথভাবে এবং দলীয় সংবিধি বা নিয়মনীতি মেনে পরিচালিত হয়েছে কি না—অর্থাৎ পুরো প্রক্রিয়াটি সঠিক ছিল কি না।

প্রতিনিধি প্রেরণ এবং দলীয় কার্যক্রম হলো এমন দুটি নীতি যাদের একই সাথে কার্যকর হিসেবে ভাবা উচিত। এর একটি উদাহরণ হলো, আন্তর্জাতিক শ্রমিক সমিতি (IWA)-এর নিজস্ব শাখাগুলোর বাইরে কোনো স্থায়ী বা পৃথক কেন্দ্রীয় দপ্তর (secretariat) নেই। বরং দপ্তরের দায়িত্বগুলো পর্যায়ক্রমে বা রোটেশনের মাধ্যমে এমন শাখাগুলোর মধ্যে পরিবর্তন করা হয় যারা এই দায়িত্ব নিতে সক্ষম।

এছাড়াও, অ্যানার্কো-সিন্ডিক্যালিস্ট সংগঠনগুলোতে কেন্দ্রীয় দপ্তর নিজেই কোনো সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নয়। এর প্রাথমিক দায়িত্ব হলো সদস্য শাখাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমগুলোকে একটি উন্মুক্ত ও স্বচ্ছ উপায়ে সহজতর করা।

সদস্য শাখাগুলোর মধ্যে চলমান সহযোগিতার প্রয়োজন এমন উদ্যোগগুলোর সমন্বয়ের জন্য এটিকে কিছু সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু এর মূল ভূমিকা হলো একটি কেন্দ্র হিসেবে কাজ করা, যার মাধ্যমে সমস্ত প্রাতিষ্ঠানিক ও যথাযথভাবে সম্মতিপ্রাপ্ত যোগাযোগগুলো পুনরায় সদস্য শাখাগুলোর কাছে পাঠানো যায়।

প্রথম দেখায় এটি অতিরিক্ত আমলাতান্ত্রিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দলের জন্য এটি জানা প্রয়োজন যে সদস্য শাখাগুলোর মধ্যকার কোন যোগাযোগগুলো সঠিক সম্মতির অধীন। সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ সামষ্টিক অংশগ্রহণের পাশাপাশি, সমস্ত কার্যক্রম যেন সবার কাছে স্বচ্ছ থাকে তা নিশ্চিত করার জন্য দলের এই ধরনের কাজের প্রয়োজন রয়েছে। একটি সাংগঠনিক নীতি হিসেবে দলের এটিই সবচেয়ে বড় সুবিধা।

আমরা আমাদের দৈনন্দিন জীবনে অন্য মানুষের সাথে যোগাযোগ, সহযোগিতা এবং সংগঠিত হওয়ার জন্য নানা ধরনের কাজ করি। অনিবার্যভাবেই, যখন আমরা এটি করি, তখন আমরা কিছু নেটওয়ার্ক বা যোগাযোগ বলয় তৈরি করি, যা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক হতে পারে। এটি এড়ানো অসম্ভব এবং ইন্টারনেট-ভিত্তিক প্রযুক্তির কারণে এটি আরও সহজ হয়েছে। আমরা প্রতিদিন এই প্রযুক্তি ব্যবহার করি এবং আমি অনেক মানুষের সাথে দেখা করি, যার মধ্যে কিছু অ্যানার্কিস্টও আছেন, যারা মনে করেন যে তাদের রাজনৈতিক সম্পর্কগুলোকে দলীয় কাঠামোর মতো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকারী নয়, এমনকি বর্তমান যুগে এটি অপ্রয়োজনীয়। আমি মনে করি তারা মারাত্মক ভুলের মধ্যে আছেন

নেটওয়ার্ক বা যোগাযোগ বলয় সর্বত্র বিদ্যমান। এগুলো স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে এবং হ্যাঁ, এগুলো দরকারী, কিন্তু এগুলো স্বচ্ছ নয়। বাজার (market) এর একটি বড় উদাহরণ। পুঁজিবাদ কেন এত একটি জঘন্য ও বিপর্যস্ত ব্যবস্থা, পুঁজিবাদের কারণে যে ধরনের পরজীবী ফালতু কর্মকাণ্ড ঘটে তা কেন ঘটতে পারে, এবং পুঁজিবাদ কেন বারবার সংকটে পড়ে—তার কারণ হলো বাজার একটি অত্যন্ত জটিল নেটওয়ার্ক এবং এটি কখনই নিজের কাছে নিজে স্বচ্ছ হতে পারে না।

দল হলো সংগঠিত হওয়ার এমন একটি পদ্ধতি যা সমতার ভিত্তিতে বৃহত্তর অংশগ্রহণের সুযোগ করে দেয়। আর এই সমতা নিশ্চিত করা হয় এমন কিছু কাঠামোর মাধ্যমে যা এতে অংশগ্রহণকারী সবার কাছে এর স্বচ্ছতার নিশ্চয়তা দেয়। একটি প্রকৃত গণতন্ত্র যা স্থানীয় পর্যায়ের বাইরেও বিস্তৃত হতে চায়, তা অন্য কোনো রূপ নিতে পারে না। এই কারণেই, আমরা অন্য যে কোনো রাজনৈতিক লড়াই বা সক্রিয়তার সাথেই যুক্ত থাকি না কেন, দল থেকে দলীয় জোটের সাংগঠনিক পদ্ধতিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তা চর্চার মাধ্যমেই কেবল আমরা বিপ্লবের পথ তৈরি করতে পারি।

এবং এভাবেই মূলত পুরো বিষয়টি কাজ করে: নীতিমালার এই ব্যবস্থাটিই—অথবা অন্তত আমি যেভাবে এই নীতিমালার ব্যবস্থাটিকে বুঝি—একটি ব্যবস্থা হিসেবে অ্যানার্কিজমকে টিকিয়ে রাখে, এবং ফলস্বরূপ অ্যানার্কো-সিন্ডিক্যালিস্ট সংগঠনের সাংগঠনিক রূপকেও নির্ধারণ করে: যা হলো দল, প্রতিনিধি এবং প্রত্যক্ষ গণতন্ত্র।

* * *
This is a companion discussion topic for the original entry at [https://redandblackanarchists.com.au/nairaajybaadii-shrmik-sngher-niitimaalaa/](https://redandblackanarchists.com.au/nairaajybaadii-shrmik-sngher-niitimaalaa/)
